টুঙ্গিপাড়ায় কলেজে চুরির অভিযোগ: ছাত্রদল সভাপতি বহিষ্কৃত, থানায় মামলা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে মালামাল চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজ কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালায় থাকা গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার সময় বাধা দিলে কর্মচারীদের হুমকি দেন অভিযুক্ত সাহেদ তালুকদার। এর পাশাপাশি নতুন ভবনের জন্য রাখা প্রায় ২০০ কেজি রড চুরির ঘটনা ঘটে, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এছাড়া নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান 'সৌরভ ট্রেডার্স'-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে নিজস্ব সম্পত্তি দাবি করে বিভিন্ন সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি করছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, বন্ধের দিনে শিক্ষক ও কর্মচারীদের খবরের ভিত্তিতে তিনি ক্যাম্পাসে গিয়ে ঘটনার সত্যতা পান। পরবর্তীতে পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে আইনি পদক্ষেপ হিসেবে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
ঘটনার পর জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিযুক্তকে পদ থেকে অব্যাহতি প্রদানের কথা জানানো হয়। টুঙ্গিপাড়া থানার কর্মকর্তা মো. আইয়ূব আলী জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে