সর্বশেষ

সারাদেশ

গণদুর্ভোগ সৃষ্টি না করে দেশ পুনর্গঠনে সহযোগিতার আহ্বান প্রিন্সের

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণবিক্ষোভ বা লংমার্চের নামে গণদুর্ভোগ না বাড়িয়ে বিরোধী দলগুলোকে গঠনমূলক প্রস্তাব দিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটে ১০ শয্যাবিশিষ্ট ধুরাইল ইউনিয়ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফলাফলের উল্লেখ করে নেতিবাচক রাজনীতি পরিহার করার পরামর্শ দেন।

শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর এলাকায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট ধুরাইল ইউনিয়ন হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)-এর অর্থায়নে এবং এজেকেএস ফাউন্ডেশন ও সোহাগ ট্রেডার্স কনসোর্টিশিয়ামের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। হাসপাতালটি চালু হলে এলাকায় ২৩ জনের স্থায়ী কর্মসংস্থানসহ স্থানীয় অর্থনীতির সম্প্রসারণ ঘটবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের সমালোচনা ও আন্দোলন করার অধিকার থাকলেও রাজপথে বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি গ্রহণযোগ্য নয়। সদ্য সমাপ্ত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জনগণ উসকানিমূলক রাজনৈতিক বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে ইতিবাচক রাজনীতির পক্ষে রায় দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিগত নির্বাচনে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি ইউনিয়নে একটি করে হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। নির্বাচনী ফলাফলের তোয়াক্কা না করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে এ অঞ্চলের অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে।

ধুরাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া আবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরসহ অন্যান্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও নির্মাণকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০