ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: নেত্রকোণায় এনসিপি নেত্রী আটক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগে নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়া আক্তার নামের ওই নেত্রীকে আটকের পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার কুড়পাড় এলাকার বেশ কয়েকজন বাসিন্দাকে সরকারি বিশেষ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত সাদিয়া আক্তার। বিনিময়ে তিনি প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে দাবি করেন। সরল বিশ্বাসে কয়েকজন ভুক্তভোগী তাকে টাকা বুঝিয়ে দিলেও পরবর্তীতে কার্ড দিতে তালবাহানা শুরু করলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে।
একপর্যায়ে ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী নেত্রীকে আটকে রেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত নেত্রী এ পর্যন্ত পাঁচজন সাধারণ মানুষের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান গণমাধ্যমকে জানান, ঘটনার বিস্তারিত তিনি এখনও পুরোপুরি জানেন না। তবে এটি যদি কোনো ব্যক্তিগত অপরাধ হয়ে থাকে, তবে তার দায় দল নেবে না। অভিযোগ প্রমাণিত হলে দলগতভাবে ও আইনি উপায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা সদর সার্কেলের দায়িত্বরত কর্মকর্তা সজল কুমার সরকার জানান, পাঁচজনের কাছ থেকে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে