ঠিকানা দেখানোর ছলে টাকা ছিনতাই: মুন্সীগঞ্জে যুবক গ্রেফতার
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে এক বৃদ্ধের টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত যুবক তানভির হোসেন সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় গজারিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি পথ চলতি এক যুবকের কাছে একটি ঠিকানা জানতে চাচ্ছেন। সরলতার সুযোগ নিয়ে ওই যুবক ঠিকানা দেখানোর বাহানায় বৃদ্ধের পকেটে থাকা টাকা জোরপূর্বক কেড়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েন এবং স্থানীয় পথচারীদের কাছে এই অন্যায়ের কথা বর্ণনা করেন। ভিডিওটি গজারিয়া থানা পুলিশের সাইবার মনিটরিং সেলের নজরে আসার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর গজারিয়া থানার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত তানভির হোসেন সাব্বিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ইমামপুর এলাকার মোঃ জুলহাসের ছেলে। এই ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং পুলিশের তৎপরতা প্রশংসিত হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে