কুয়াকাটায় ভাই-বোনের জমি জালিয়াতি, জেল খাটলেন শিক্ষক বড় ভাই!
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুয়াকাটায় জমি নিয়ে প্রতারণা ও জালিয়াতির শিকার হয়ে ৯ দিন জেল খেটেছেন এক স্কুলশিক্ষক। একই জমি দুই জনের কাছে রেজিস্ট্রি বায়না চুক্তি করার জালিয়াতিতে ফেঁসে গিয়ে তিনি এখন চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। ভুক্তভোগী ওই শিক্ষক সংবাদ সম্মেলন করে এই ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার দাবি করেছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ৬০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন এক সংবাদ সম্মেলনে নিজের ভাই-বোনদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজের সামাজিক ও পেশাগত ক্ষয়ক্ষতির বিবরণ দেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, কুয়াকাটা পৌর এলাকার পাঞ্জুপাড়ায় তাঁর বাবার বন্দোবস্ত পাওয়া ৪০ শতাংশ জমি বিক্রির উদ্দেশ্যে তাঁর ছোট ভাই-বোনেরা মাহমুদুল হাসান ফেরদৌস নামের এক বিনিয়োগকারীর সঙ্গে ৬০ লাখ টাকায় বায়না চুক্তি করেন। বড় ভাই হিসেবে বায়নার ১০ লাখ টাকা জাকির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। পরবর্তীতে তিনি সেই টাকা উত্তোলন করে জমি সংক্রান্ত মামলার খরচ বাদে বাকি অর্থ ভাই-বোনদের মধ্যে বণ্টন করে দেন।
কিন্তু কিছুদিন পরেই লোভের বশে তাঁর ছোট ভাই ইদ্রিস, শাহ আলম এবং বোন তাসলিমা, পারুল ও শামসুন্নাহার পূর্বের চুক্তি গোপন রেখে মাহাতাব উদ্দিন নামের অন্য এক ব্যক্তির কাছে একই জমি পুনরায় বায়না করেন। আগের চুক্তির কথা অস্বীকার করায় প্রথম ক্রেতা মাহমুদুল হাসান ফেরদৌস আদালতে প্রতারণার মামলা করেন।
মামলায় ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে শিক্ষক জাকির হোসেনকেও আসামি করা হয়। এই মামলায় নিরপরাধ হওয়া সত্ত্বেও তাঁকে ৯ দিন জেলহাজতে থাকতে হয়েছে। কারাগারে থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত জাকির হোসেনের ছেলে মো. ইব্রাহিম অভিযোগ করেন, চাচা ও ফুফুদের অর্থলিপ্সার কারণে তাঁর নিরপরাধ বাবা আজ সামাজিকভাবে হেনস্তা ও পেশাগত সংকটের মুখোমুখি হয়েছেন। তিনি এই মিথ্যা মামলা থেকে তাঁর বাবার দ্রুত অব্যাহতি ও মূল প্রতারকদের শাস্তি দাবি করেন।
এদিকে অভিযুক্ত ছোট ভাই ইদ্রিস মিয়া জমিটি দুই জায়গায় বায়না করার সত্যতা স্বীকার করলেও তাঁর বড় ভাই কোনো টাকা দেননি বলে দাবি করেন। বর্তমানে এই জালিয়াতির ঘটনাটি স্থানীয় মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২০ বার পড়া হয়েছে