সীতাকুণ্ডে সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে গড়ায়। এ সময় কয়েকজনকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়।
অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অস্ত্র প্রদর্শনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযানে প্রথমে সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো একটি স্থান থেকে দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকও জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় পুলিশের কাছে বিবেচ্য নয়। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ শূন্য সহনশীলতার নীতিতে রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
১২০ বার পড়া হয়েছে