নড়াইলে মাদরাসা ছাত্র বলাৎকার: শিক্ষক মিরাজের যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের (ধর্ষণ) মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শিক্ষক মেরাজ আলী মিরাজ (২৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শোনার পর তাঁকে বিমর্ষ দেখায়।
মামলার বিবরণী থেকে জানা যায়, নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন শিক্ষক মিরাজ। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
১২৩ বার পড়া হয়েছে