সর্বশেষ

জাতীয়

ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই তিনি ঠাকুরগাঁও ত্যাগ করেন।

দুপুর ১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে যান। সেখান থেকে ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রটোকল কর্মকর্তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাষ্ট্রপতির দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই তিনি ঠাকুরগাঁও থেকে বিদায় নেন।

রাষ্ট্রপতিকে বিদায় জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।

এর আগে রোববার দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল তাঁর প্রথম সরকারি সফর।

ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

সফরের শুরুতে রাষ্ট্রপতি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যান। সেখানে দুপুরের খাবার খাওয়ার পর কিছু সময় বিশ্রাম নেন।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। তাঁকে দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেন।

গণসংবর্ধনায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজ জেলার মানুষের ভালোবাসার জন্য ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।

সংবর্ধনা শেষে নিজের বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাতে সেখানেই অবস্থান করেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে রাষ্ট্রপতি আবারও গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টি যথাযথভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন এবং এর উন্নয়ন কার্যক্রমে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়কে ঘিরে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের কথাও অনুষ্ঠানে উঠে আসে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরের দিকে নিজের বাসভবনে ফিরে খাবার খান ও বিশ্রাম নেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। সেখান থেকে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে গিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। মোহাম্মদ আলী স্টেডিয়াম, জেলা সার্কিট হাউস, সেনুয়া কবরস্থান, রাষ্ট্রপতির বাসভবন, গণসংবর্ধনাস্থল এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

দুই দিনের সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ তৈরি হয়। রাষ্ট্রপতিকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ শহরে আসেন। বিশেষ করে গণসংবর্ধনা ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন