প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: প্রতিমন্ত্রী
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পদায়ন শেষ হওয়ার পর বদলি কার্যক্রম কবে শুরু হবে এবং কোন নীতিমালায় হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামীকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে। পরে বদলি কার্যক্রম শুরু করার সময় বর্তমান নীতিমালা বহাল থাকবে, নাকি নতুন নীতিমালা করা হবে—তা তখন সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়ের গত ২ আগস্টের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।
যোগদানের পর ৪ অক্টোবর তাঁদের পদায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাঁদের প্রশিক্ষণে পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট ও জনবল ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয় আসবে বলে আশা করা হচ্ছে। তবে বিদ্যমান বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলি আবার কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
১০৬ বার পড়া হয়েছে