কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপিত
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা প্রান্তজন এবং আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার দাবিতে একটি বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে পথ সভায় মিলিত হয়। এ সময় পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথ সভায় বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ বর্তমানে উদ্বেগজনক রূপ নিয়েছে। এই দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, প্রবীণ, দিনমজুর ও নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠী।
প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম এবং বিশিষ্ট পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু। বক্তারা পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেমে রূপান্তর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
১০৯ বার পড়া হয়েছে