শ্রীনগরে ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা: প্রধান আসামি মন্টু গ্রেপ্তার
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পরকীয়া ও ত্রিভুজ প্রেমের জেরে চাঞ্চল্যকর আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামি মো. মন্টুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরকীয়া সম্পর্কের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, নিহত আব্দুল জব্বার প্রায় দুই দশক ধরে বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিং ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এলাকায় যাতায়াতের সুবাদে মন্টুর স্ত্রী রুবিনা বেগমের সঙ্গে জব্বারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা পশ্চিম খৈয়াগাঁও এলাকায় কেয়ারটেকার হিসেবে বসবাস শুরু করেন। ছয় মাস আগে রুবিনা গোপনে জব্বারকে বিয়ে করেন এবং মন্টুর চোখ এড়াতে তাকে ভাই পরিচয় দিয়ে বাসায় রাখেন।
গোপন সম্পর্কের বিষয়টি মন্টু টের পাওয়ার পর তাদের মধ্যে তুমুল বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রুবিনা প্রথম স্বামী মন্টুকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জব্বারের সঙ্গে থাকতে শুরু করেন। এই ক্ষোভ থেকে গত ১৬ আগস্ট সকালে মন্টু ওই বাসায় গিয়ে তুমুল বিতর্ক শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান মন্টু। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান জব্বার।
হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং শ্রীনগর থানার ওসির নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল আসামিকে গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান শুরু করে। অবশেষে ৫ সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের শ্রীপুরের ট্যাংরা বাজার এলাকা থেকে পলাতক মন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
১৭১ বার পড়া হয়েছে