বান্দরবানে ডিসির নামে প্রতারণার চেষ্টা: জেলা প্রশাসনের জরুরি সতর্কবার্তা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে জেলা প্রশাসকের (ডিসি) নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ সহায়তা চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। একটি প্রতারক চক্র ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে এই অপকর্ম চালাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট চক্র জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার করে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অজুহাতে টাকা দাবি করছে। সোমবার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা থেকে জারি করা এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ০১৮১৯৭৬৫৩২৬ নম্বরটি ব্যবহার করে জেলা প্রশাসকের নামে এই অর্থ সাহায্য চাওয়া হচ্ছে। প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এই নম্বরটির সাথে বান্দরবানের জেলা প্রশাসকের কোনো সম্পর্ক নেই। এটি একটি সম্পূর্ণ ভুয়া নম্বর এবং এর মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।
এই জালিয়াতির ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদোষ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সব সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বান্দরবান প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কোনো ফোনকল বা মেসেজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে। যেকোনো সন্দেহজনক আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তা তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে