নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের ডুমুরতলায় ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে নড়াইল সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নড়াইল পৌরসভার ডুমুরতলা তাফসীর উদ্দীন হাফেজিয়া মাদরাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাহাবুবুর রহমান সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, মাদরাসার নিয়মিত এক শিক্ষক প্রশিক্ষণে যাওয়ায় বদলি শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছিলেন তিনি।
অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন সময় কোমলমতি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন ওই শিক্ষক। সম্প্রতি এক ভুক্তভোগী শিশু তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বললে ঘটনাটি প্রকাশ পায়। পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে আরও পাঁচ শিক্ষার্থী একই নির্যাতনের শিকার হওয়ার কথা স্বীকার করে।
জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
১২১ বার পড়া হয়েছে