কুষ্টিয়ায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক বংশীতলা রণাঙ্গন দিবস উদযাপিত
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ঐতিহাসিক ‘বংশীতলা রণাঙ্গন দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধের বীর শহীদদের স্মরণে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার বংশীতলা গ্রামে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকারদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। ওই অসম সাহসিকতাপূর্ণ যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে খতম হয় ৪০ জন পাকিস্তানি সেনা। শহীদদের এই অসামান্য বীরত্বকে স্মরণ রাখতেই প্রতি বছর স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়।
শনিবার সকালে 'শহীদ বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিল স্মৃতি সংসদ'-এর আয়োজনে বংশীতলায় শহীদদের স্মৃতি ফলক ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতি ফলক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের রণাঙ্গনের বীরত্বগাথা স্মরণ করে নতুন প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।
শহীদ মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসরারুল হকের পরিচালনায় সভায় কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১২২ বার পড়া হয়েছে