মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল বারেকের স্ত্রী তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাঁর পুত্রবধূর সাথে রাতে থাকার জন্য প্রতিবেশী ওই কিশোরীকে অনুরোধ জানান। বারেকের অনুরোধে তাঁর বাড়িতে ওই রাতে ঘুমাতে যায় ভুক্তভোগী স্কুলছাত্রী।
মধ্যরাতে পুত্রবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে সেই সুযোগ কাজে লাগায় বারেক। সে ফাঁকা ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ জেগে ওঠার আশঙ্কায় বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নির্যাতিতা দ্রুত নিজের বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনার বিবরণ দেয়।
এই ন্যক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল বারেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
১২২ বার পড়া হয়েছে