কিশোরগঞ্জে অফিসে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ওপর হামলা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিস কক্ষে ঢুকে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অস্বীকার করায় শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাঁর ওপর এই বর্বরোচিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত প্রকৌশলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় চারজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা সকলেই স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতা ও সদস্য বলে জানা গেছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিবিএ সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইশতিয়াক আহমেদ। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সিবিএ নেতারা এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনার কথা বলে প্রকৌশলীর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। সে সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে অভিযুক্তরা অতর্কিতভাবে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে হামলা চালায়। অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। এদিকে সিবিএ সভাপতি সোয়াইব আহমেদ হামলার ঘটনা অস্বীকার করে ধস্তাধস্তির দাবি করেছেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
১৭১ বার পড়া হয়েছে