নড়াইলে সিরাতুন্নবী ফাউন্ডেশনের সিরাত প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত বিষয়ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সদর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মহানবীর (সাঃ) আদর্শের ওপর বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের আহ্বায়ক ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বিলাল হুসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান।
আয়োজকরা জানান, সিরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের এই আয়োজনে জেলার ৯টি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাত বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ জীবনী ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) হলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর সুমহান সুন্নাহ ও আদর্শ অনুসরণ করার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁরা দীর্ঘদিন ধরে এমন মহতী কার্যক্রম পরিচালনার জন্য সিরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের ফিল্ড অফিসার খোন্দকার দেলোয়ার হোসেন, সুপারভাইজার আবদুস শুকুর, সিরাতুন্নবী ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মো. মতিয়ার রহমান এবং প্যারাডাইস একাডেমির পরিচালক মো. আবু মুছা। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মুফতি ওয়াকিউজ্জামানের পরিচালনায় এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
১২৬ বার পড়া হয়েছে