চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে হালনাগাদ ভোটারসংক্রান্ত তথ্য তুলে ধরেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি জানিয়েছে, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এবার ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটারদের তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। গত ৯ আগস্ট হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে তালিকা নিয়ে পাওয়া দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
এর আগে গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। সেই হিসাবের সঙ্গে নতুন তালিকার তুলনা করলে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
ইসি জানিয়েছে, তাদের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাঁরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
১২০ বার পড়া হয়েছে