সর্বশেষ

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এবং এর আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও পথটি এখনো কঠিন। নিজেদের বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত ফল করার পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই। এখন পর্যন্ত পাঁচটি দল—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ভারত—ফাইনালের দৌড়ে টিকে আছে। বাকি দলগুলোর সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।

২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ টেস্টে ৯৬ পয়েন্ট নিয়ে তাদের পয়েন্টের হার ৮০ শতাংশ। তবে সামনে অস্ট্রেলিয়ার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে তাদের পরবর্তী দুটি সিরিজই হবে প্রতিপক্ষের মাঠে।

ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে অস্ট্রেলিয়াকে বাকি ১২ টেস্টের মধ্যে অন্তত ৬টি জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। তাহলেই ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখার সুযোগ থাকবে তাদের।

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার ৭৫ শতাংশ। ৩৬ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এখনো বেশ ভালো অবস্থানে। সামনে নিজেদের মাঠে টানা আটটি টেস্ট খেলার সুযোগ রয়েছে তাদের। বাকি ১০ ম্যাচের মধ্যে অন্তত ৬টি জয় ও একটি ড্র পেলেই ফাইনালের জায়গা অনেকটাই নিশ্চিত করতে পারবে প্রোটিয়ারা।

তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের হার ৭২.২২ শতাংশ। ৫২ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানেই আছে কিউইরা। তবে সামনে তাদের জন্য কঠিন সূচি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে হবে তাদের। বাকি ১০ টেস্টের মধ্যে অন্তত ৬টি জয় ও একটি ড্র করতে পারলে ৬৫ শতাংশের ওপরে পয়েন্টের হার নিয়ে ফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে পারবে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের সম্ভাবনাটাও নতুন করে সামনে এনেছে। ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে। পয়েন্টের হার ৫৫.৫৬ শতাংশ।

বাংলাদেশের সামনে প্রথম পরীক্ষা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এই সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জিততে হবে। এমন ফল এলে পয়েন্টের হার ৬৫ শতাংশের ওপরে উঠে যাবে বাংলাদেশের।

তবে এরপরই অপেক্ষা করবে আরও কঠিন পথ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশের হাতে থাকবে আরও ছয়টি টেস্ট। ফাইনালের স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে ওই ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে জয় পাওয়ার প্রয়োজন হবে। শুধু নিজেদের ফল ভালো করলেই হবে না, ফাইনালের দৌড়ে থাকা অন্য দলগুলোর ফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে।

ভারতও এখনো লড়াইয়ে রয়েছে। ৬৮ পয়েন্ট নিয়ে তাদের পয়েন্টের হার ৫১.৫২ শতাংশ। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে তারা। বাকি সাত টেস্টের অন্তত ছয়টিতে জয় পেলে ফাইনালের আশা জিইয়ে রাখতে পারবে ভারত। এর চেয়ে কম জয় পেলে তাদের অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

অন্যদিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাদের পয়েন্টের হার যথাক্রমে ৩৪.৪৪, ৩৩.৩৩, ২০.৮৩ ও ১৬.৬৭ শতাংশ। ফলে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা গাণিতিকভাবেও অত্যন্ত ক্ষীণ।

বাংলাদেশের সামনে তাই সমীকরণ পরিষ্কার—প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারাতে হবে, এরপর বাকি ছয় টেস্টের অন্তত পাঁচটিতে জয় পেতে হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে। কাজটি কঠিন হলেও সাম্প্রতিক সাফল্যের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখার সুযোগ যে তৈরি হয়েছে, সেটিই বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন