নারায়ণগঞ্জে ভূমি অফিসে হাজিরা নিয়ে অসন্তোষ প্রতিমন্ত্রীর
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর থাকার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ নগরের খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় দুটি সার্কেল কার্যালয়ে গিয়ে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান তিনি।
প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কার্যালয়ের হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, উপস্থিত না থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নামে আগেই স্বাক্ষর করা হয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও হাজিরা দেওয়া হয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, দেশের জনগণই প্রকৃত মালিক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া। এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।
পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী জানান, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকস্মিক পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। হাজিরা ও অফিসে উপস্থিতি নিয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সরকারি সেবা আরও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববোধ ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও তিনি গুরুত্ব দেন।
১২১ বার পড়া হয়েছে