নকশাবহির্ভূত ভবন নির্মাণ: কুমিল্লায় সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধ
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অমান্য করায় সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। রোববার এক বিশেষ অভিযানে ভবন দুটির নির্মাণকাজে ত্রুটি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সঠিক নিয়ম না মানলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে কান্দিরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, নির্মাণাধীন সিলভার আলী ও কাজী টাওয়ার নামের বহুতল ভবন দুটি সরকারি নকশা এবং নির্ধারিত জায়গা ছাড়ার শর্ত তোয়াক্কা না করেই গড়ে তোলা হচ্ছিল।
আইন লঙ্ঘন করে চলমান এই নির্মাণকাজের জন্য পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভবন দুটির কাজ পুরোপুরি স্থগিত রাখতে বলা হয়েছে। কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীর নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অন্যথায় ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনি মামলা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, নগরীর অন্যান্য এলাকায় চলমান ভবনগুলোর ক্ষেত্রেও নিয়ম মানা হচ্ছে কি না, তা যাচাইয়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ নকশায় ভবন গড়লে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১১৯ বার পড়া হয়েছে