সর্বশেষ

খেলা

লেস্টার ছেড়ে শেফিল্ডে স্থায়ীভাবে ফিরছেন হামজা চৌধুরী

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লেস্টার সিটি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে শেফিল্ড ইউনাইটেড। ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, হামজার চুক্তি প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই আনুষ্ঠানিকতা শেষ হতে পারে।

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে নিতে আগ্রহী শেফিল্ড ইউনাইটেড। রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ার পর তার বিকল্প খুঁজতে গিয়ে হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় ইংল্যান্ডের ক্লাবটি। আজই হামজার মেডিকেল পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেডিকেলে কোনো সমস্যা না থাকলে খুব দ্রুতই চুক্তি সম্পন্ন হতে পারে। শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচ মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তার আগেই হামজাকে দলে নেওয়ার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে ক্লাবটি।

শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি থেকে ধারে ব্রামল লেনে খেলেছিলেন তিনি। ওই সময় শেফিল্ডের হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন হামজা, যার ১৬টিতে ছিলেন শুরুর একাদশে। দলটির প্লে-অফ ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই মিডফিল্ডার।

এবার অবশ্য ধারে নয়, হামজাকে স্থায়ীভাবেই দলে রাখতে চায় শেফিল্ড। এর পেছনে লেস্টার সিটির আর্থিক অবস্থাও ভূমিকা রাখছে। টানা দুই মৌসুম অবনমনের পর আর্থিক চাপ কমানোর চেষ্টা করছে লেস্টার। হামজার বেতন থেকে মুক্তি পাওয়ার বিষয়টিও ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সুযোগে প্রায় বিনা ট্রান্সফার ফিতেই হামজাকে পাওয়ার পথে এগিয়েছে শেফিল্ড।

শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গেও হামজার পুরোনো সম্পর্ক রয়েছে। ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেড—দুই ক্লাবেই ওয়াইল্ডারের অধীনে খেলেছেন তিনি। হামজার মানসিক দৃঢ়তা ও জয়ের আকাঙ্ক্ষার প্রশংসাও করেছেন ওয়াইল্ডার। তাঁর মতে, হামজার সফল হওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং কঠিন পরিস্থিতিতে দলকে লড়াইয়ে ফেরানোর সামর্থ্যও আছে।

শুধু বর্তমান মৌসুমের জন্য নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাতেও হামজাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছে শেফিল্ড। আগামী গ্রীষ্মে জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ ছাড়া কালভিন ফিলিপস বর্তমানে ধারে রয়েছেন। ফলে মাঝমাঠে ভবিষ্যতের জন্য একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে হামজাকে স্থায়ীভাবে দলে রাখার পরিকল্পনা করেছে ‘ব্লেডরা’।

হামজা চৌধুরীর স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফেরার চুক্তি সম্পন্ন হলে এটি হবে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়। বিশেষ করে আগের ধারের সময়ে ক্লাবটির হয়ে তাঁর পারফরম্যান্সই এবার স্থায়ীভাবে ফেরার পথ তৈরি করেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন