হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৩৬৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ১৫১ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৬৭ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের।
এই সময়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাঁদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা নিয়ে বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে।
১০৮ বার পড়া হয়েছে