কুমিল্লায় পাহাড়ে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক আটক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীর সাথে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে তারা কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। সেখান থেকে কৌশলে ওই কিশোরীকে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায় প্রেমিক সিয়াম।
সেখানে আগে থেকেই সিয়ামের আরও চার বন্ধু ওত পেতে অপেক্ষা করছিল। তারা পৌঁছানো মাত্রই একজন পাহারা দেয় এবং প্রেমিক সিয়ামসহ বাকি চারজন মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। রোববার ভোরে আসামিরা ওই কিশোরীকে নিয়ে পাহাড় থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ভুক্তভোগী কিশোরী ধর্ষণের বিষয়টি খুলে বলে। এ সময় অভিযুক্তদের চারজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও মো. সাকিব (২০) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক সাকিব চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের বাসিন্দা।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করেছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।
১০৭ বার পড়া হয়েছে