সর্বশেষ

সারাদেশ

ট্রাকে নতুন নিয়মের প্রতিবাদে ধর্মঘট, হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে পণ্যবাহী ট্রাকে নতুন নিয়ম চালুর প্রতিবাদে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। রোববার সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা এই ধর্মঘটের কারণে দুই দেশের বাণিজ্য স্থবির হলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হঠাৎ শুরু হওয়া এই অচলাবস্থায় বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েছেন সাধারণ আমদানিকারকেরা।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নতুন পণ্য পরিবহন নীতিমালার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন ওপার বাংলার ব্যবসায়ীরা। নতুন নিয়ম অনুযায়ী, পণ্যবাহী ট্রাকের সর্বোচ্চ ধারণক্ষমতা বা ওজনসীমা কমিয়ে দেওয়ায় তাদের পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে হিলি বন্দর দিয়ে ছয় চাকার ট্রাকে প্রায় ৩০ টন এবং ১০ চাকার ট্রাকে ৪৫ টন পর্যন্ত পণ্য পরিবহন করা যেত। তবে নতুন নিয়মে তা যথাক্রমে ২০ ও ৩০ টনে নামিয়ে আনা হয়েছে। এতে প্রতি ট্রাকে প্রায় ১০ থেকে ১৫ টন পণ্য কম পরিবহন করা যাবে, যা আমদানিকারকদের জন্য বড় ধরণের ব্যয় বৃদ্ধি ঘটাবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক কার্তিক চন্দ্র জানান, ট্রাকে অতিরিক্ত পণ্য বোঝাই বা ওভারলোডিং বন্ধ করার এই নতুন সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ভারত থেকে সময়মতো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে না পারায় অনেক ব্যবসায়ীকে অতিরিক্ত বন্দর মাশুল বা ডেমারেজ গুনতে হচ্ছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম জানান, ভারতীয় রফতানিকারক অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে রোববার থেকে কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরে এই নিয়ম কঠোরভাবে কার্যকর না থাকায় হিলির ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পণ্য আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের ভেতরে আগে থেকে প্রবেশ করা ট্রাক থেকে পণ্য খালাস ও ডেলিভারি দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক গতিতেই চলছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন