কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে অত্যন্ত বিরল প্রজাতির সামুদ্রিক ‘স্লেন্ডার সানফিশ’। অদ্ভুত আকৃতির এই মাছটি দেখতে মহিপুর মৎস্য বন্দরে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ ও ব্যবসায়ীরা। সাধারণত গভীর মহাসাগরে বাস করা এই মাছটির দেখা মেলায় সমুদ্রের জীববৈচিত্র্য নিয়ে আশাবাদী মৎস্য গবেষকেরা।
রবিবার সকালে মহিপুর মৎস্য বন্দরের ‘শাহীন এন্টারপ্রাইজ’ নামের একটি মৎস্য আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। সম্পূর্ণ অপরিচিত ও অদ্ভুত গঠনের এই মাছটি ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ক্রেতারা তেমন কোনো আগ্রহ দেখাননি।
জেলেরা জানান, গভীর সমুদ্রে জাল ফেলার পর অন্যান্য সাধারণ মাছের সঙ্গে এই অদ্ভুত আকৃতির মাছটি উঠে আসে। সাধারণ মাছের মতো কোনো সুস্পষ্ট লেজ না থাকা এবং শরীর চ্যাপ্টা ও ডিম্বাকৃতির হওয়ায় প্রথম দিকে জেলেরা এর প্রজাতি নিশ্চিত করতে পারেননি। সাগরে দীর্ঘদিন মাছ ধরার অভিজ্ঞতা থাকলেও এমন ভিন্নধর্মী মাছ তারা আগে কখনও দেখেননি বলে জানান।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, ধরা পড়া মাছটি মূলত ‘স্লেন্ডার সানফিশ’ (Slender Sunfish) নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ‘রানজানিয়া লেভিস’ (Ranzania laevis)। এরা সাধারণত গভীর ও উন্মুক্ত মহাসাগরের বাসিন্দা। মাঝে মাঝে সমুদ্রের উপরিভাগে উঠে এসে সূর্যের আলোতে গা ভাসিয়ে দেয় বলেই এদের সানফিশ বলা হয়ে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এদের উপস্থিতি খুবই বিরল ঘটনা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার জানান, কুয়াকাটা উপকূলে এই প্রজাতির মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ। ভবিষ্যতে এদের গতিবিধি ও জীবনবৃত্তান্ত গবেষণার সুবিধার্থে মাছটির ছবি, সঠিক ওজন ও প্রাপ্তিস্থানের যাবতীয় তথ্য সংরক্ষণ করা প্রয়োজন।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গভীর সমুদ্রসীমায় বেশ কিছু বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী ও মাছের সন্ধান পাওয়া যাচ্ছে। এটি প্রমাণ করে যে বঙ্গোপসাগরের জলজ পরিবেশ অত্যন্ত সমৃদ্ধ এবং এটি গবেষকদের নতুন গবেষণার জন্য বিশাল এক দুয়ার উন্মোচন করবে।
১২৫ বার পড়া হয়েছে