সর্বশেষ

সারাদেশ

বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ‘ম্যানগ্রোভ সম্মেলন’

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় পটুয়াখালীর কুয়াকাটায় দিনব্যাপী ‘ম্যানগ্রোভ সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা বাড়াতে এবং ম্যানগ্রোভ বন সংরক্ষণে যুবসমাজকে আরও সক্রিয় করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে ইয়ুথ ফর ওশানের উদ্যোগে এ কনভেনশনটি অনুষ্ঠিত হয়। এতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ, লেডার্স এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে সহযোগিতা প্রদান করে। দিনব্যাপী এ আয়োজনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় বনায়ন ও পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের প্রথম সেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম এবং কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানগ্রোভ সংরক্ষণের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন লেডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, উপকূলীয় মানুষের অস্তিত্ব রক্ষায় ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম এবং এটি রক্ষা করতে না পারলে আমরা অচিরেই সমুদ্র ও ভূমি উভয়ই হারাবো।

সম্মেলনের কারিগরি অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ম্যানগ্রোভের গুরুত্ব আলোচনা করেন। এছাড়া দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের তরুণ প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটে ম্যানগ্রোভ বনের গুরুত্ব ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন