জামালপুরে মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সরকারি আশেক মাহমুদ কলেজের এই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের কাচারিপাড়ার স্বপ্নপূরী আবাসিক এলাকার একটি বহুতল ভবনের কক্ষ থেকে দরজা ভেঙে রিমার লাশ উদ্ধার করা হয়। মৃত রিমা সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুরি গ্রামের রাশিদুল্লাহ মন্ডলের মেয়ে।
can ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও সহপাঠীদের বরাতে জানা গেছে, চার মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন রিমা। তাঁর একটি সন্তান রয়েছে, যে তাঁর প্রথম স্বামীর কাছে থাকে। পরবর্তীতে মাদারগঞ্জের শুভর সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৩৪ বার পড়া হয়েছে