কলাপাড়ায় ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, সাড়ে ৩শ' দোকান বন্ধ
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ার বানাতী বাজারে এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাজারের ৩৫০টি দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক সেলুন মালিকের বিরুদ্ধে এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেললে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতে এই ঘটনা আপস-মীমাংসার জন্য এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করার পাশাপাশি স্থানীয় এক ব্যবসায়ী তাকে নিজের জিম্মায় নিতে চাইলে বাজার কমিটির সভাপতির সাথে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম রূপ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথম দফার সংঘর্ষ বাধে। এর জের ধরে শুক্রবার সকালে দ্বিতীয় দফায় আবারও রণক্ষেত্রে পরিণত হয় পুরো বাজার এলাকা।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ন্যক্কারজনক হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাজারের সমস্ত দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। এদিকে কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৬ বার পড়া হয়েছে