নেপালে ভূমিধস-বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালে আকস্মিক ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক এবং ৬১ জন নেপালি।
নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ২০০ জন নারী এবং ২০৩ জন পুরুষ। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছেন।
ট্যুর অপারেটরদের বরাত দিয়ে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাত্রা করছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ রসুয়া জেলার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। নেপাল টিভি ও রেডিও নেপালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, প্রাণঘাতী আকস্মিক বন্যার ঘটনায় তাঁর হৃদয় ভারাক্রান্ত। প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত বলেও উল্লেখ করেন তিনি।
বালেন্দ্র শাহ এই দুর্যোগকে আকস্মিক ও ভয়াবহ হিসেবে উল্লেখ করে বলেন, উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।
নেপালের দুর্গম বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
১৩২ বার পড়া হয়েছে