জামালপুরে মাদকের প্রতিবাদ করায় বিইউপি শিক্ষার্থীর ওপর হামলা, বিচারের দাবি
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবার। এই ঘটনার প্রতিকার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী রাফি আহমেদ অভিযোগ করে বলেন, মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি সাঈদ, মনির ও সেলিম সরকারের নানাবিধ অপকর্মের বিরুদ্ধে তিনি কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ তাঁদের থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়।
লিখিত অভিযোগ দায়ের করতে গিয়ে গত ২৩ আগস্ট মাদারগঞ্জ মডেল থানার সামনেই ওত পেতে থাকা মাদক কারবারিরা রাফি ও তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালায়। থানার প্রধান ফটকের সামনেই তাঁদের পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন রাফি আহমেদ। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের অন্য সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে থানার সামনে এমন হামলার পরও পুলিশ আসামিদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
১০৮ বার পড়া হয়েছে