কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মিলল মানুষের খণ্ডিত পা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে পথচারীরা রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সড়কের পাশে ধানের জমিতে একটি মানুষের কাটা পা পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া খণ্ডিত পায়ের পাশে একটি রক্তাক্ত পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র অন্য কোথাও হত্যাকাণ্ড বা অপরাধ সংঘটন করে শরীরের এই অংশটি এখানে ফেলে রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে এই স্থানে এল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
১২৩ বার পড়া হয়েছে