নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ি বাজারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণহীন ট্রলি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের একটি হার্ডওয়্যারের দোকানের মালামাল খালাসের জন্য একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় ইট ভাঙার কাজ শেষ করে সহকারীকে সঙ্গে নিয়ে ট্রলি চালিয়ে ফিরছিলেন চালক মুত্তাকাব্বির। তিনি উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।
চাঁচুড়ি বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় আকস্মিকভাবে ট্রলিটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সরাসরি সড়কের পাশে থেমে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রলি চালক মুত্তাকাব্বিরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রলিতে থাকা তার সহকারী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহটি উদ্ধার করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২২ বার পড়া হয়েছে