কুয়াকাটায় ২ বছর স্কুলে না গিয়েও নিয়মিত বেতন তুলছেন শিক্ষিকা!
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকের এমন অনুপস্থিতির কারণে বিদ্যালয়টিতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষিকা মোসা. নাহিয়ান বিনতে ইউসুফ প্রায় দুই বছর ধরে ক্লাসে আসছেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরও নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা গ্রহণ করছেন তিনি।
এই ঘটনার প্রতিকার চেয়ে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. বাবুল হাওলাদার। অভিযোগে বলা হয়েছে, শিক্ষিকার এই দীর্ঘ অনুপস্থিতির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম মনির ইতিপূর্বে একাধিকবার জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো দৃশ্যমান ও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
স্থানীয় অভিভাবক ইসাহাক হাওলাদার উদ্বেগ প্রকাশ করে জানান, একজন শিক্ষকের দীর্ঘমেয়াদি অনুপস্থিতির ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই বিষয়টি দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
এই চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা. সাহিদা এ বিষয়ে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করে জেলা শিক্ষা অফিসে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে। জেলা শিক্ষা কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
১২১ বার পড়া হয়েছে