ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের এই ভয়াবহ দুর্ঘটনায় আরও চারজন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম (৪৫) ও জীবন অধিকারী (৪০) নামের দুইজনের মৃত্যু হয়। নিহত আনোয়ারা বেগম বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী এবং জীবন অধিকারী সদর উপজেলার শুখান পুকুর এলাকার ছত্রিশ অধিকারীর ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন অপর চারজনের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
১২৩ বার পড়া হয়েছে