প্রতিষ্ঠানকে দেয়া উপহারের ফ্রিজ বাসায় ব্যবহার করছেন বিভাগীয় প্রধান!
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগে শিক্ষার্থীদের দেওয়া উপহারের একটি ফ্রিজ নিজের বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ে ব্যবহারের জন্য একটি ৯০ লিটারের মিনি ফ্রিজ উপহার দেন। শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল। কিন্তু সম্প্রতি গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্বাস আলীর ব্যক্তিগত বাসভবনের ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি কলেজের ফ্রিজটি নিজের বাড়িতে নিয়ে যান।
সরেজমিনে গণিত বিভাগে গিয়ে দেখা যায়, যেখানে ফ্রিজটি রাখা ছিল সেখানে এখন শূন্য স্থানটিতে একটি চেয়ার বসানো হয়েছে। বৈদ্যুতিক সংযোগের পয়েন্টটিও খালি পড়ে আছে। শিক্ষার্থীদের স্মৃতিবিজড়িত এই উপহার শিক্ষকের ব্যক্তিগত কাজে ব্যবহারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
অভিযুক্ত শিক্ষক মো. আব্বাস আলী ফ্রিজটি বাসায় নেওয়ার কথা স্বীকার করে জানান, পরিবার ঢাকায় থাকায় তিনি একাকী থাকেন এবং তাঁর বাসার ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে এটি বাসায় নিয়েছেন। বিভাগে ফ্রিজের তেমন প্রয়োজন ছিল না দাবি করে তিনি বলেন, চাইলে তিনি এখনই এটি ফেরত দিতে প্রস্তুত। পাশাপাশি কলেজে এর চেয়েও বড় বড় অনিয়ম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এই বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর জানান, ঘটনাটি তাঁর জানা ছিল না। সরকারি কলেজের সম্পদ এভাবে কোনো শিক্ষকের ব্যক্তিগত বাসভবনে নিয়ে যাওয়া অত্যন্ত দৃষ্টিকটু ও অনুচিত। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
২২২ বার পড়া হয়েছে