মুন্সীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আকস্মিকভাবে দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয়ে চলমান দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন জেলা প্রশাসক। তিনি শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের মানসিক ও সৃজনশীল বিকাশের ওপর জোর দেন তিনি।
শিক্ষার্থীদের নান্দনিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান করার পরামর্শ দেওয়া হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে শিক্ষার উপযুক্ত মান বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
২২৪ বার পড়া হয়েছে