চান্দগাঁওয়ে চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৮
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের চান্দগাঁওয়ে চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চালানো সাঁড়াশি অভিযানে এজাহারনামীয় তিনজনসহ তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করার জেরেই তরুণ সাকিবকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের বহদ্দারহাটে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।
নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিসিক শিল্প এলাকার একটি ময়দার মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার রাতে নগরের চান্দগাঁও এলাকায় একদল দুর্বৃত্ত সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে থাকা কারণ সম্পর্কে র্যাব জানায়, ঘটনার প্রায় ১০ দিন আগে ইমন নামের এক স্থানীয় বখাটে আদনান নামের এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেয়। সাকিব এই ঘটনার তীব্র প্রতিবাদ ও মীমাংসার চেষ্টা করেন। এতে ইমনের সঙ্গে সাকিবের বিরোধের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই পূর্বপরিকল্পিতভাবে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
১১৯ বার পড়া হয়েছে