ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে আজ রোববার (২৩ আগস্ট) এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৮ হাজার ৯২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২৬ হাজার ৮৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পায়। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়ে থাকেন।
১২৫ বার পড়া হয়েছে