গোপালগঞ্জে মুদি দোকানে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক মুদি দোকানদারের বিরুদ্ধে ওঠা এই চাঞ্চল্যকর ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু আপন বোন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় দুই শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম জসিম মুন্সী, যিনি চরপরানপুর গ্রামের জামাল মুন্সীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক এবং নিজের বাড়ির পাশেই একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ওই দুই শিশু জসিমের মুদি দোকানে পাউরুটি কিনতে যায়। তখন দোকানে পাউরুটি নেই জানিয়ে তাদের বাড়ির ভেতরে ডেকে নিয়ে যান জসিম। এরপর ঘরের দরজা বন্ধ করে তাদের ওপর জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়।
সে সময় শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে জসিম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, শিশুদের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে