গোপালগঞ্জে নিজ বাগানে গাঁজার চাষ, গাছসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ১
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নিজের বাড়ির বাগানে নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে আসামির বাড়ি থেকে দুটি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ৫৫ বছর বয়সী ইমামুল হক সিকদারকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়ে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, গ্রেপ্তারকৃত ইমামুলের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি বড় গাঁজা গাছ উপড়ে ফেলা হয় এবং তা জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেবন ও বিক্রির উদ্দেশ্যে তিনি এই গাছগুলো রোপণ করেছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিজ জমিতে অবৈধ মাদক চাষের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১০৮ বার পড়া হয়েছে