মন্ত্রিসভায় নতুন তিন মন্ত্রী, এক প্রতিমন্ত্রী
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রী হিসেবে আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরীর নাম রয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য নতুন সদস্যদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।
সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
১১৯ বার পড়া হয়েছে