মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে চার বছরের এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়নের অনন্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেকান্দার চৌকিদার একই এলাকার বাসিন্দা হওয়ায় ভুক্তভোগী শিশুটির বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ১৪ আগস্ট রাতে খাবারের প্রলোভন দেখিয়ে চার বছরের ওই শিশুটিকে বাড়ির পাশের খালপাড়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর গত ২০ আগস্ট শিশুটির পিতা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করে। এরপর পুলিশি অভিযানে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, শিশু নির্যাতনের অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামি সেকান্দার চৌকিদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
১০৫ বার পড়া হয়েছে