টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌর এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম উদ্দিন।
গাছের চারা রোপণের পাশাপাশি পৌর বাস টার্মিনালের আশপাশের সড়ক ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা। পরিবেশ বিপর্যয় রোধে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি বড় দলীয় উৎসবে এমন সমাজসেবামূলক কাজ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এস এম গোলাম কিবরিয়া সাগর ও আব্দুর রশিদ মল্লিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমে অংশ নেন।
১০৪ বার পড়া হয়েছে