মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকার একটি ইটের সোলিং রাস্তার ওপর এই অভিযান চালায়।
অভিযান চলাকালে ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—লৌহজংয়ের কারপাশা এলাকার লিটন শেখ (৫২), শ্রীনগরের দেউলভোগ এলাকার মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন (৩৫), একই উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকার মোহাম্মদ তুষার (২০) এবং লৌহজংয়ের মৌছামান্দ্রা এলাকার মোহাম্মদ জীবন হোসেন (৩১)।
আটকের পর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলাকে অপরাধমুক্ত করতে জেলা পুলিশের এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে। জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে