ব্রাহ্মণবাড়িয়ায় বিস্কুট কারখানায় অভিযান: বড় জরিমানা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পচা খাবার নতুন পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রির অপরাধে ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার পরিচালিত এই মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন অমান্য করার দায়ে এ শাস্তি দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজারে অবস্থিত 'নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি'তে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট কারখানাটিতে ব্যাপক অনিয়ম দেখতে পায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, কারখানাটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া উৎপাদিত বিস্কুট ও রুটির প্যাকেটে কোনো উৎপাদন বা মেয়াদের তারিখ উল্লেখ ছিল না।
সবচেয়ে গুরুতর অনিয়মটি ছিল বাজার থেকে ফেরত আসা নষ্ট ও পচা বিস্কুট ও রুটি পুনরায় নতুন খাবারের সঙ্গে মিশিয়ে সংরক্ষণ করা হচ্ছিল। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের কাজ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এই অপরাধের জন্য কারখানা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দায়ী ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
১২২ বার পড়া হয়েছে