নড়াইলে পাঁচ ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রতিবেশীর এমন সম্মানহানিকর কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটি।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়া উপজেলার হাচলা গ্রামের বাসিন্দা এনায়েত মোল্যা। তিনি অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেন মোল্যা নামের এক ব্যক্তি তাদের পাঁচ ভাইয়ের বিরুদ্ধে এলাকায় নানা ধরনের কুৎসা রটাচ্ছেন।
লিখিত বক্তব্যে এনায়েত মোল্যা আরও বলেন, স্থানীয় নড়াইল-১ আসনের সংসদ সদস্যের নাম জড়িয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এসব কাল্পনিক ও ভিত্তিহীন প্রচারণার কারণে সমাজে তাদের দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং এলাকায় চরম অশান্তি দেখা দিচ্ছে। ইতিপূর্বে স্থানীয় মাতবরদের উদ্যোগে একাধিকবার শালিসি বৈঠকের চেষ্টা করা হলেও অভিযুক্ত মোতালেবের অসহযোগিতায় কোনো সমাধান সম্ভব হয়নি।
সম্মেলনে এনায়েত মোল্যা ছাড়াও তার অন্য চার ভাই—মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা, বেলায়েত মোল্যা এবং স্থানীয় ইউপি সদস্য মরফুদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে এই মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং ভূমি বিরোধের একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত মোতালেব হোসেন মোল্যা তার বিরুদ্ধে আনা অপপ্রচারের বিষয়টি অস্বীকার করে জানান, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
১০৯ বার পড়া হয়েছে