চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন ঠেকাতে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এই কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। দীর্ঘদিনের নদীভাঙন আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দাদের জানমাল ও কৃষিজমি রক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে আলাতুলি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের কাজ শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ফলক উন্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রকল্পের আওতায় নদীভাঙন কবলিত পদ্মার ২ দশমিক ৯০ কিলোমিটার অংশে টেকসই নদীতীর সংরক্ষণ কাজ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম এবং আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্পটি শেষ করার তাগিদ দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, স্থানীয় জনগণের জানমাল ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এই প্রকল্প অত্যন্ত জরুরি। কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা আপস সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংসদ আরও জানান, চরাঞ্চলের অবহেলিত সাতটি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের স্বার্থে একটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি পূরণে তিনি সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন।
১১৯ বার পড়া হয়েছে