কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সেরা ৩ চাষিকে সম্মাননা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালি শেষে উপজেলা দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যজীবী কাজী বেল্লাল, উপজেলা প্রেস ক্লাবের সদস্য রাসেল মোল্লা এবং সফল মৎস্য খামারি রিয়াজ তালুকদার।
বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে জেলে ও মৎস্য চাষিদের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আধুনিক প্রযুক্তির ব্যবহারে মৎস্য চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন থেকে আসা জেলে এবং বিপুল সংখ্যক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে কলাপাড়া উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষির হাতে সফলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
১১৯ বার পড়া হয়েছে