সর্বশেষ

সারাদেশ

বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধার মৃত্যু, হত্যা মামলা

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বামনায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার সকালে নিহতের মেয়ে বাদী হয়ে বামনা থানায় হত্যা মামলা করেছেন।

বামনা উপজেলার মধ্য আমতলী গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. হানিফ খাঁ ও তাঁর স্ত্রী কহিনুর বেগমের বসতবাড়ির সীমানা নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি বলে নিহতের পরিবার জানিয়েছে।

নিহতের মেয়ে মোছা. ডালিমা আক্তারের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে হানিফ খাঁ, তাঁর স্ত্রী কহিনুর বেগম, শ্যালক আলামিনসহ কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে বিরোধপূর্ণ জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। মনোয়ারা বেগম সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বললে তাঁকে হুমকি দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে কাঠের চেরা ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হানিফ খাঁ লোহার রড দিয়ে তাঁর মাথা ও কপালে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন করেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

মনোয়ারা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বামনা থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মেয়ে ডালিমা আক্তার বলেন, তাঁর মাকে পরিকল্পিতভাবে মারধর ও বুকের ওপর উঠে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন